images

জাতীয় / দেশজুড়ে

সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১১:০৭ পিএম

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেছেন, এই সমাজ পুনর্গঠনে আপনারা আপনাদের লেখনী, ছবি ও আপনাদের নিউজের মাধ্যমে জনমত তৈরিতে আমাদেরকে সাহায্য করবে, সরকারকে সাহায্য করবেন। আপনাদের এই সহযোগিতার মাধ্যমে সর্বোপরি দেশ উপকৃত হবে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জনসাধারন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে এই কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা নির্বাচনের পূর্বে আপনাদেরকে কথা দিয়েছিলাম, যদি আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন তাহলে আমরা আপনাদের পাশে থাকবো। আপনাদের প্রয়োজনে সব সময় আমাদেরকে ও আমাদের নেতাকর্মীদেরকে পাশে পাবেন। আমরা সেই কথাটি রাখার চেষ্টা করছি। দোয়া করবেন যাতে আমরা যে প্রতিজ্ঞা নির্বাচনের পূর্বে করেছিলাম, সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারি। আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। আল্লাহতালা যেন তাকে ও বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন, সেই জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তানজিনা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

আরটিভি/এসএস