images

জাতীয়

খাদ্য-বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী

শনিবার, ৩০ মে ২০২৬ , ১১:০৭ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে দিনব্যাপী বিভিন্ন ব্যাপক কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রমে সরাসরি অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

আরও পড়ুন
JIA

সাড়ে তিন বছরেই দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান জিয়াউর রহমান

এদিকে, সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে শোকাবহ পরিবেশে কর্মসূচি শুরু হয়েছে। ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। নেতাকর্মীরা বুকে ধারণ করছেন কালো ব্যাজ।

দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করছে। এ ছাড়া সারাদেশে বিএনপির বিভিন্ন ইউনিট দলটির প্রতিষ্ঠাতাকে স্মরণ করে নানা কর্মসূচি পালন করবে।

আজ রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবেন তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি আসনে একটি করে স্থান নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে।

বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি খেলার মাঠ থেকে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করবেন। রাজধানীর ১৬টি স্থানে পর্যায়ক্রমে আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন তারেক রহমান। এসব কর্মসূচিতে মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এ সকল কর্মসূচিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। শহীদ রাষ্ট্রপতির আদর্শ ও দেশপ্রেমকে সমুন্নত রাখতে আট দিনব্যাপী ঘোষিত এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী এক শোকাতুর ও উৎসবমুখর মানবিক পরিবেশ তৈরি হয়েছে।

আরটিভি/এমএম