images

জাতীয়

ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ, কেউ যাচ্ছেন বাড়িতে

শনিবার, ৩০ মে ২০২৬ , ০৩:২৪ পিএম

ঈদের ছুটি শেষ না হলেও অনেকেই ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। তবে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকে আগেভাগেই ফিরতে শুরু করেছেন ঢাকায়। আবার অনেকেই ঈদ শেষে বাড়ি যেতে দেখা গেছে। কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে ঈদের ফিরতিযাত্রার এমন চিত্র দেখা গেছে।

আগামী সোমবার (১ জুন) থেকে অফিস-আদালত খুলবে, তাই অনেকেই হাতে সময় রেখে আগেভাগেই নগরীতে ফিরছেন।

শনিবার (৩০ মে) সকালে কমলাপুর রেলস্টেশরে গিয়ে দেখা যায়, স্টেশন এলাকায় বেড়েছে মানুষের ব্যস্ততা ও ফিরতি যাত্রীদের ভিড়। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর উপস্থিতি চোখে পড়েছে। 

আরও পড়ুন
trfff

জিয়ার আদর্শে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, একদিকে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়, অন্যদিকে ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। ফলে স্টেশনজুড়ে দেখা গেছে দুইমুখী যাত্রীদের কিছুটা ব্যস্ততা।

নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই যাত্রীরা হুড়মুড় করে নামছেন। তারা দ্রুত ব্যাগ-লাগেজ নিয়ে স্টেশন ছাড়ছেন। এ সময় স্টেশনের কুলিদেরও ব্যস্ত হয়ে উঠতে দেখা যায়।

অন্যদিকে, যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি, তারা  ঈদের তৃতীয় দিনে পরিবার নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন।

তারা বলছেন, অনেকে ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিয়েছেন। ফলে সবকিছু গুছিয়ে বাড়ি ফিরতে তাদের দেরি হয়ে গেছে। 

সিলেটগামী ট্রেনের যাত্রী হামিদ বলেন, আমাদের এক ঈদে ছুটি হয়। গত ঈদে ছুটি কাটিয়েছিলাম। এবার ঈদে ডিউটি করেছি। ডিউটি শেষ করে আজ থেকে ছুটিতে যাচ্ছি।

আরেক যাত্রী আবু হানিফ বলেন, আমি ঈদ করতে ঢাকায় এসেছিলাম। এখন বাড়ি ফেরার সময় হয়েছে।

কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরা এগারোসিন্ধু ট্রেনের যাত্রী বেসরকারি চাকরিজীবী সোহেল রানা বলেন, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ভালো সময় কেটেছে। কাল থেকে অফিস শুরু। আবার কর্মজীবনে ফিরতে হবে। তাই আজই চলে এসেছি। 

স্টেশনে দায়িত্বরত নিরাপত্তাকর্মী বলেন, সকালে ফিরতিযাত্রার মানুষের চাপ ছিল। আপাতত কিছুটা কম। তবে এখনো সেভাবে মানুষের ফেরা শুরু করেনি। দু’দিন পর স্টেশনে পা ফেলা যাবে না। 

আরটিভি/এমএম