মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১২:৫৩ পিএম
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। নবগঠিত এই সেলটি প্রবাসীদের অধিকার সুরক্ষা ও আইনি জটিলতা নিরসনে কাজ করবে।
মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বিষয়ে মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, এই আদেশ আজ থেকেই কার্যকর হচ্ছে। প্রবাসীরা সরাসরি অভিযোগ সেলে তাদের সমস্যা জমা দিতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ নেওয়ার প্রক্রিয়া চালু করা হচ্ছে, যার বিস্তারিত পদ্ধতি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
মন্ত্রণালয়ের অফিস আদেশ অনুযায়ী, মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব অথবা যুগ্মসচিবকে আহ্বায়ক করে মোট পাঁচ সদস্যের এই সেল গঠন করা হয়েছে। সেলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন কল্যাণ অধিশাখার যুগ্মসচিব বা উপসচিব, আইন শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব এবং সেবা ও প্রটোকল শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব।
আদেশে আরও বলা হয়, প্রবাসীরা তাদের অভিযোগ minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com এই দুটি ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন। সেলটি প্রাপ্ত অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। প্রবাসীদের কাছ থেকে প্রাপ্ত আবেদন এবং সেগুলোর বিপরীতে কী ব্যবস্থা নেওয়া হলো, তা দৈনিক অথবা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে নিয়মিত উপস্থাপন করা হবে। কাজের সুবিধার্থে প্রয়োজনে এই সেলটি আরও অতিরিক্ত সদস্য কো-অপ্ট বা যুক্ত করার ক্ষমতা রাখবে।
আরটিভি/এআর