মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৪:৪৬ পিএম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনিসেফ বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২ জুন) ডেপুটি স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষা বিষয়ে আমরা এখনো যথেষ্ট সচেতন নই। সংসদীয় ককাস গঠনের পূর্ব থেকেই শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের চলমান প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান। যেসব সংসদ সদস্য শিশুবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে সংসদে নিয়মিত বক্তব্য রাখবেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজনের মাধ্যমে একটি ফলপ্রসূ আলোচনা করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
ইউনিসেফের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়া বলেন, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসির অংশ হিসেবে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনার বড় প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে শিশুরা সরাসরি দেশের নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের একটি বড় সুযোগ পায়। শুধু বাজেটে শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধি করলেই হবে না, বরং তার সঠিক বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্য হিসেবে সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম এবং কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
আরটিভি/এআর