images

জাতীয়

খলিলুর রহমানকে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১২:০৩ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার (২ জুন) পৃথক অভিনন্দন বার্তায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান তারা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করি।

আরও পড়ুন
fdfd

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে খলিলুর রহমানকে ‘ভাই’ সম্বোধন করে বলেছেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে আমি নিশ্চিত যে, তার ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা এবং বহুপাক্ষিকতার প্রতি অবিচল অঙ্গীকার এই পরিষদকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করবে।

ইসহাক দার বলেন, আমি জাতিসংঘে আমাদের সম্পৃক্ততা অব্যাহত রাখতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, অভিন্ন বৈশ্বিক অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে এবং সংলাপ, শান্তি ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ও উদ্যোগে খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট। ৮ ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থীর কাছে হেরে গেছেন সাইপ্রাসের প্রার্থী।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী এক বছর তথা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

আরটিভি/এমএম