images

জাতীয়

চট্টগ্রামে ফিরল হজযাত্রীদের প্রথম ফ্লাইট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১১:১৪ এএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করেছে। 

বুধবার (৩ জুন) জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩৭৮ জন হজযাত্রী দেশে ফিরে আসেন। 

দীর্ঘ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রিয় মাতৃভূমিতে ফেরার আনন্দে হাজিরা আবেগঘন পরিবেশে বিমানবন্দরে পৌঁছান। ফ্লাইটটি অবতরণের পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের পুরো এলাকায় নিরাপত্তা ও যাত্রীসেবায় বাড়তি সতর্কতা নেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় আগমন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লাগেজ হ্যান্ডলিং, ইমিগ্রেশন প্রক্রিয়া এবং গ্রাউন্ড সার্ভিসে বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই হাজিরা দ্রুত নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি হজ ফ্লাইটে মোট ৪ হাজার ৭৪৮ জন যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করেন। 
এ ছাড়া অন্যান্য ফ্লাইটের মাধ্যমে আরও ৮২৬ জন হাজি সৌদি আরবে যান। সব মিলিয়ে চট্টগ্রাম অঞ্চল থেকে মোট ৫ হাজার ৫৭৪ জন হজযাত্রী এবারের হজ মৌসুমে অংশ নেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ফিরতি হজ ফ্লাইটগুলো আগামী কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পরিচালিত হবে। প্রতিটি ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং লাগেজ ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে, পুরো ফিরতি হজ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

হজযাত্রীদের প্রথম ফ্লাইটের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে এক ধরনের আনন্দঘন পরিবেশ তৈরি হয়। স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হাজিরা যখন বের হয়ে আসেন, তখন আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। 
অনেকেই আল্লাহর দরবারে হজ কবুল হওয়ার জন্য দোয়া করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। 

সংশ্লিষ্টরা বলছেন, হজ মৌসুমে বাংলাদেশের বিমানবন্দরগুলোর এই সফল ব্যবস্থাপনা আন্তর্জাতিকভাবে দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতার একটি ইতিবাচক বার্তা বহন করে।

আরটিভি/এসএস