images

জাতীয় / আইন-বিচার

রামিসা হত্যা মামলার রায় কার্যকর নিয়ে যা বললেন আইনমন্ত্রী

রোববার, ০৭ জুন ২০২৬ , ১২:৩৯ পিএম

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আজ রোববার (৭ জুন) দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনের সব ধাপ পেরিয়ে মাত্র ছয় কার্যদিবসের মধ্যে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, যা বাংলাদেশে প্রথম। তিনি আরও বলেন, বিচারে ঘোষিত শাস্তিতে তিনি সন্তুষ্ট এবং প্রত্যাশা করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।

আজ রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

আইনমন্ত্রী বলেন, রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ড জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও ভারাক্রান্ত ঘটনা। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন।

তিনি আরও বলেন, ৭ দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের ডেথ রেফারেন্স ফাইল হাইকোর্টে পৌঁছালে পেপারবুক তৈরি হবে এবং সে অনুযায়ী মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন
Web-Image

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা 

আইনমন্ত্রী জানান, উচ্চ আদালত খোলার পর রামিসা, সিনহা, আছিয়া ও রাজনের দ্রুত বিচার হওয়া মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করা হবে।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এসব মামলাকে অগ্রাধিকার দিয়ে শুনানি করলে আগামী তিন মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মাত্র পাঁচ দিনের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করে এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হয়।


আরটিভি/জেএমএ