রোববার, ০৭ জুন ২০২৬ , ০৫:২৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে। চলমান বাজেট অধিবেশনে কোনও কারণে স্পিকার বা ডেপুটি স্পিকার কেউই উপস্থিত থাকতে না পারলে সভাপতিত্ব করবেন তারা।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) শুরুর পর এ মনোনয়ন দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
মনোনয়ন পাওয়া প্যানেলের সদস্যরা হলেন— সেলিমা রহমান, ডা. এম ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।
রোববার থেকে শুরু এই অধিবেশন বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
মূলত, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতিকে বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
আরটিভি/এসএইচএম