images

জাতীয়

চীন সফর শেষে ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল ঢাকায়

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৫:১২ পিএম

চীনে ৪ দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন ৪ সদস্যের সংসদীয় দল।

শনিবার (১৩ জুন) দুপুর ২ টায় দেশে ফেরেন তারা।

ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুআন ওয়াং ডেপুটি স্পীকার ব‍্যারিষ্টার কায়সার কামালকে চীনের কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান। কুনমিং এর স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করে সংসদীয় দল।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ১১ জানুয়ারি কুনমিং এ আয়োজিত ৭ম চায়না-সাউথ এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব‍্যারিষ্টার কায়সার কামাল। ৭ম চীন-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে আরো বক্তব্য রাখেন ইউনান প্রভিন্সের গভর্নর ওয়াং ইউরো, নেপাল ন্যাশনাল এসেম্বলির ভাইস চেয়ারম্যান লায়লা কুমারী বান্দরী, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. ইরাথিশাম আদাম, শ্রীলংকার উপপররাষ্ট্রমন্ত্রী অরুন হিমাচন্দ্র, সার্কের মহাসচিব মো. গোলাম সরওয়ার, চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত খলিলুর রহমান, চীনে আফগানিস্তানের রাষ্ট্রদূত আসাদুল্লাহ বিলাল কারিমি, ভূটানের শিল্প, কর্মসংস্থান ও বাণিজ্য মন্ত্রী কর্মা দর্জিসহ চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

এছাড়াও ডেপুটি স্পীকার ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করেন। 

উল্লেখ্য, এবারের ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে থিম কান্ট্রি বাংলাদেশের বাংলাদেশী পন্য নিয়ে ৮৪ টি প‍্যাভিলয়ন অংশ নিচ্ছে। ১৬ জুন পর্যন্ত চীনের ইউনান প্রদেশের কুনমিং এ চলমান এবারের এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৃথিবীর ৬৮ টি দেশ অংশগ্রহণ করছে।

সফরে ডেপুটি স্পীকার চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সাথে একান্ত বৈঠকে মিলিত হন।

দ্বিপাক্ষিক বৈঠকে ডেপুটি স্পীকার কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দেন ও তিস্তা ব‍্যারেজ নির্মানে চীনা সহযোগিতা অব্যাহত রাখাসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ইকোনমিক জোন, পরিবহন ব‍্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান সহযোগিতার আহ্বান জানান। এই মাসের শেষের দিকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা জানিয়ে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে ডেপুটি স্পীকার জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে অগ্রাধিকার প্রদান করবে।

চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বিভিন্ন উন্নয়ন সেক্টরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে তারা সর্বাধিক গুরুত্বের সাথে দেখছেন বলে উল্লেখ করেন।

ডেপুটি স্পীকারের এবারের সফরের ফলে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উন্নতির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, আধুনিক পরিবহন ব‍্যবস্থা এবং বানিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে চীনের নেতৃবৃন্দ আশাবাদ ব‍্যক্ত করেন।

কুনমিং আন্তর্জাতিক বিমান বন্দরে আসার পথে আজ সকালে ডেপুটি স্পীকার ইউনান প্রদেশে চালকবিহীন ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার একটি পাইলট প্রকল্প পরিদর্শন করেন।

চীনের ইউনান প্রদেশের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থাপনা কেবল নতুন সড়ক বা রেলপথ নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি স্মার্ট, সবুজ, নিরাপদ এবং সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা মডেল প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে।
আরও পড়ুন
67U

ডুলাহাজারার সাফারি পার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইউনান ডিজিটাল ইউনান কর্মসূচির অংশ হিসেবে পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিগ ডেটা এবং ইন্টারনেট অব থিংস (IoT) প্রযুক্তি ব্যবহার করবে। এর আওতায় রয়েছে- রিয়েল-টাইম ট্রাফিক পর্যবেক্ষণ; স্মার্ট ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ; দুর্ঘটনা শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা; যাত্রীদের জন্য একীভূত তথ্যসেবা প্ল্যাটফর্ম; ই-টোল ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।  

সংসদীয় দলের অন‍্য সদস‍্যগন হলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ও সংরক্ষিত স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁই।

আরটিভি/এসএস