images

জাতীয়

বেনজীরকে ফিরিয়ে আনার বিষয়ে যে বার্তা দিলো দুদক

রোববার, ১৪ জুন ২০২৬ , ১১:১৬ পিএম

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি পুলিশ। তাকে দ্রুত দে‌শে ফিরিয়ে আনার উদ্যোগ নি‌চ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাকে ফি‌রি‌য়ে আনতে শিগগির কাজ শুরু কর‌বে সংস্থা‌টি।

রোববার (১৪ জুন) ‌রাজধনাীর সেগুনবা‌গিচায় দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি অবগত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আকতারুল ইসলাম বলেন, পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ ইস্যু করা হয়েছিল। এর মধ্যে পাসপোর্ট জালিয়াতির মামলায় তাকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জেনেছি। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে সহযোগিতা চেয়েছিলাম। সেই ধারাবহিকতায় গ্রেপ্তার হয়েছেন বলে জানতে পেরেছি।

তিনি বলেন, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে সরকারের স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হবে। শিগগির এমন উদ্যোগ নিয়ে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা হবে।

২০২৫ সালের ১০ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। 

দুদক জানায়, ২০২৪ সালের ১৪ অক্টোবর পরিচয় গোপন করে পাসপোর্ট নবায়ন ও জালিয়াতির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বাকি আসামিরা হলেন— পাসপোর্টের সাবেক পরিচালক ফজলুল হক, মুন্সী মুয়ীদ ইকরাম, টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক ও বিভাগীয় পরিচালক আবদুল্লাহ আল মামুন।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর গত বছর অনুসন্ধান শুরু করে দুদক। পরে তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থনৈতিক অনিয়মের অভিযোগে এসব মামলা করা হয়।

আরটিভি/টিআর