images

জাতীয়

চিঠি পেয়েও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সোমবার, ১৫ জুন ২০২৬ , ১০:০০ এএম

কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও ‘রহস্যজনক কারণে’ দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও দিল্লিতে প্রবেশ না করে কলম্বোতে চলে যান তিনি।

সেখান থেকে সোমবার (১৫ জুন) ঢাকায় ফেরার কথা রয়েছে তার। 

এর আগে, রোববার বিকেলে ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জাহেদ উর রহমান। কিন্তু, সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছালে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে এ তথ্য।

সূত্র জানায়, ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের ওই অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে এই উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবারই দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। কিন্তু, সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি তারা। 

এমন পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। রাতেই কলম্বোর উদ্দেশে দিল্লি ত্যাগ করেন তিনি। সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।

আরটিভি/এসএইচএম