images

জাতীয়

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৩:৪৬ পিএম

সারাবিশ্বের সঙ্গে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে বাংলাদেশও। শহর থেকে গ্রাম—সব জায়গায় এখন ফুটবলের আলোচনা ও মুখর বিতর্ক। বিশ্বকাপে কে কোন দলের সমর্থক এবং কার হাতে উঠবে সোনালী ট্রফি, তা নিয়ে চায়ের টেবিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্কের শেষ নেই। এই তুমুল উন্মাদনার আবহে এবার জানা গেল খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলকে সমর্থন করছেন। সরাসরি কোনো দেশের নাম মুখে না আনলেও তার দেওয়া বিশেষ ইঙ্গিত ধরে নেটিজেন ও ফুটবলপ্রেমীদের বুঝতে বাকি নেই তার প্রিয় দল কোনটি।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। দেশের সার্বিক পরিস্থিতি ও নানা বিষয়ের আলোচনার একপর্যায়ে অবধারিতভাবেই সামনে আসে চলমান ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ। এ সময় সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এখন বিশ্বকাপ চলছে। আপনি কোন দলের সমর্থক, আমরা সবাই জানতে চাই।’  

আরও পড়ুন
7

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন করল একনেক

সাংবাদিকের এই হাসিমুখের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও বেশ রসাত্মক ও কৌশলী উত্তর দেন। তিনি সরাসরি কোনো দলের নাম উচ্চারণ না করে মৃদু হেসে বলেন, ‘আমি একটা দেশে দীর্ঘদিন ছিলাম। এবার বুঝে নেন কোন দলের সমর্থক।’

প্রধানমন্ত্রীর এই চটজলদি মন্তব্য সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল তোলে এবং তার পছন্দের দলের বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে যায়।  

প্রধানমন্ত্রীর এই আকার-ইঙ্গিতের সূত্র ধরে তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের পটভূমি বিশ্লেষণ করলেই উত্তরটি অনায়াসে মিলে যায়। বিগত রাজনৈতিক পটপরিবর্তন ও বিভিন্ন মেয়াদের জুলুম-নির্যাতনের শিকার হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জেল থেকে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। এরপর তিনি পরিবারসহ যুক্তরাজ্যের লন্ডনে প্রবাস জীবন বা নির্বাসিত জীবন কাটাতে শুরু করেন। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে আইনি ও রাজনৈতিক নানা জটিলতায় তিনি দেশে ফিরতে পারেননি।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন পেরিয়ে অবশেষে গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।  যেহেতু জীবনের এক সুদীর্ঘ সময় এবং প্রায় দেড় দশকেরও বেশি সময় তিনি সপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করেছেন, তাই ব্রিটিশ ফুটবল সংস্কৃতি ও দেশটির প্রতি তার একটি বিশেষ ভালো লাগা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। ফলে প্রধানমন্ত্রী যে এবারের ২০২৬ বিশ্বকাপে হ্যারি কেনদের ‘থ্রি লায়নস’ খ্যাত ইংল্যান্ড দলকেই মনেপ্রাণে সমর্থন করছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। 

আরটিভি/এআর