images

জাতীয়

আ.লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৫:০৪ পিএম

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটি একটি লিবারেল ডেমোক্রেটিক বা উদারপন্থী গণতান্ত্রিক দল, যা দেশের সব মত ও পথের মানুষকে ধারণ করে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, অতীতে রাজনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর জন্য সমন্বিত চেষ্টা করতে হবে।

আরও পড়ুন
011

ঐতিহ্যবাহী তিন গণমাধ্যম চালুর তাগিদ মির্জা ফখরুলের

সংবাদমাধ্যমের ভেতরের সংকটের কথা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার দেশের সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, অনেক ক্ষেত্রে মালিকপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে বেশ কিছু সাংবাদিককে চাকরিচ্যুত করা হচ্ছে, যা গণমাধ্যমকর্মীদের জন্য উদ্বেগের।

দেশের বর্তমান প্রেক্ষাপটে অপপ্রচারের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান সময়ে একটি সুনির্দিষ্ট গোষ্ঠী নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। এই গোষ্ঠীটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) শীর্ষস্থানীয় নেতারাসহ বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর