বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৮:১৭ পিএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এ বি এম আবদুল্লাহর নিয়োগ বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাকে ওই পদের বিপরীতে উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (২৪ জুন) এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বহির্ভূতভাবে একজন সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়েছিল।
একই সভায় পুনরায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা ছিল বিধিবহির্ভূত। তাই নিয়োগ অনুমোদন করা যায় না।
এরই পরিপ্রেক্ষিতে, ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক হিসেবে দেওয়া আজীবন নিয়োগটি বাতিল করা হলো। একই সঙ্গে ওই সভার তারিখ থেকে অধ্যাপক ইমেরিটাস পদের বিপরীতে তার উত্তোলিত বেতন-ভাতাদিও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যোগ করা হয় অফিস আদেশে।
এ বিষয়ে অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, আজকে চিঠি পেলাম, আমার পদ নাকি বাতিল করা হয়েছে। এটা তারা জেদ থেকে করেছে। এছাড়া, অন্য কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার সঙ্গে যেটা করেছে, সেট অন্যায়। আমার ওপর অবিচার করা হয়েছে। আমি রাজনৈতিকভাবে কোথাও জড়িত না, শেখ হাসিনার চিকিৎসা করলেই কি আমি খারাপ হয়ে গেলাম? আমি ৫০ বছরে অনেক মানুষের চিকিৎসা করেছি। এটাই আমার কাজ। পৃথিবীর ইতিহাসে কোথাও এভাবে একটা সম্মানজনক পদ ছিনিয়ে নেওয়ার নজির নেই। এটা চরম অন্যায়।
আরটিভি/এসএইচএম