images

জাতীয়

বেনজীর ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ০৩:১৮ পিএম

দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো দেশটির পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান তিনি।

তিনি বলেন, বেনজীর আহমেদকে গ্রেপ্তার করার পর আবুধাবি (ইউএই) থেকে ফেডারেল পুলিশ ই-মেইলে মেসেজ দিয়ে আমাদেরকে তার গ্রেপ্তারের খবর জানিয়েছে। বেনজীরকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা ৩০ দিনের মধ্যে তার বিষয়ে নথিপত্র চেয়েছিল। আমরা সেগুলো তিনদিনের মধ্যে তৈরি করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা।

তিনি জানান, বেনজীর ইস্যুতে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে তিনজনকে ভারত সরকার গ্রেপ্তার করেছে। সম্ভবত কলকাতায় আছে তারা। তাদের আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র ওই সময়েই পাঠিয়ে দিয়েছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা অপেক্ষা করছি, আশা করি তাদের ফেরত পাব। এছাড়া এই মামলার অসম্পূর্ণ তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে পারব।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অত্যন্ত কঠোর ও সজাগ অবস্থানের কারণে ভারত সীমান্তে এখনো বড় ধরনের কোনো পুশ ইন বা অনুপ্রবেশের ঘটনা ঘটানো সম্ভব হয়নি।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, ভারত যেভাবে পুশ ইনের চেষ্টা করছে, এটা কোনো যথাযথ বা আইনি প্রক্রিয়া নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারতে যদি কোনো অবৈধ বাংলাদেশি নাগরিক অবস্থান করে থাকে, তবে সেই তালিকা যেন ভারত সরকার যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশকে জানায়।

তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলে ভারত যদি কোনো বাংলাদেশির তালিকা দেয়, তবে বাংলাদেশ সরকার তাদের জাতীয়তা পুরোপুরি যাচাই-বাছাই করে দেখবে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

আরটিভি/টিআর