images

জাতীয়

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী 

রোববার, ২৮ জুন ২০২৬ , ১২:৩২ পিএম

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে এই আকস্মিক পরিদর্শন করেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি স্পারসোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন।

আরও পড়ুন
12

এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের বিভিন্ন চলমান কার্যক্রমসহ সার্বিক বিষয়ের অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নতুন নতুন উদ্ভাবন, গবেষণা এবং চলমান বিভিন্ন কারিগরি কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এই পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো.মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির সর্বাধুনিক গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত একমাত্র জাতীয় প্রতিষ্ঠান।

আরটিভি/এআর