শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৩:২৩ পিএম
আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। তবে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, সেদিনই আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে।
শনিবার (৪ জুলাই) সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আজ আমরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছি। এখনো কিছু কাজ বাকি রয়েছে। তবে আগামী ৫ আগস্টের আগেই জাদুঘরটির উদ্বোধন করা হবে। এটি মোটামুটি নিশ্চিত। কবে উদ্বোধন হবে সেই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে, তিনি যেদিন সময় দেবেন সেদিনই উদ্বোধন করা হবে।
উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের তথ্য-উপাত্ত সংরক্ষণের লক্ষ্যে গণভবনে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জাদুঘরটি উদ্বোধনের ঘোষণা এর আগেও একাধিকবার দেওয়া হয়েছিল।
অন্তর্বর্তী সরকারের সময়ে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাদুঘর পরিদর্শন করে দ্রুত চালুর নির্দেশনা দিয়েছিলেন। পরে তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ২০২৫ সালের ৫ আগস্ট উদ্বোধনের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি।
আরটিভি/এসএস