শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৫:১৭ পিএম
লালমনিরহাটে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এক মঞ্চে সাত জোড়া তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের যৌতুক ছাড়াই জাঁকজমকপূর্ণ ও রাজকীয় আয়োজনে অনুষ্ঠিত এই গণবিয়ের আয়োজন করে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’।
শুক্রবার (৩ জুলাই) রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছয়টি মুসলিম ও একটি হিন্দু পরিবারের সাত জোড়া নবদম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বৃহৎ এই আয়োজনের প্রধান অতিথি এবং ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের রূপকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু যুবসমাজকে এই যৌতুক প্রথার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, যুবসমাজ যদি নিজে থেকে সচেতন হয়ে যৌতুকের বিরুদ্ধে এগিয়ে আসে, তবে সমাজ খুব দ্রুতই এই অভিশাপ থেকে মুক্ত হবে। তরুণদের হাত ধরেই একটি কুসংস্কারমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণ সম্ভব। ‘আলোকিত লালমনিরহাট’-এর এই বর্ণাঢ্য আয়োজনে কেবল ৭টি পরিবারের মিলনই ঘটেনি, বরং সমাজ থেকে কুপ্রথা দূর করার এক অনন্য ও অনুকরণীয় উদাহরণ সৃষ্টি হলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তারা বলেন, যৌতুকের মতো সামাজিক ব্যাধি দূর করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এটি তরুণ সমাজের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
ঝলমলে আলোকসজ্জা ও বর্ণিল সাজে সজ্জিত মিলনায়তনে একই রঙের শেরওয়ানিতে বর এবং লাল শাড়িতে কনেদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। নবদম্পতিদের পাশাপাশি তাদের স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠানে ছিল আনন্দঘন পরিবেশ। নবদম্পতিরা যৌতুকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নতুন জীবনের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
আয়োজকেরা জানান, সমাজ থেকে যৌতুক প্রথা নির্মূলের বার্তা দিতেই এমন আয়োজন করেছে সংগঠনটির সদস্যরা।
আরটিভি/ এসকেডি