বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৫:৫৪ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লি, নিউইয়র্ক, লন্ডন, জেনেভাসহ গুরত্বপূর্ণ বিভিন্ন মিশনে বড় ধরনের রদবদল লক্ষ্য করা যাচ্ছে ইদানিং। সাংবাদিকদের প্রশ্নের মুখে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক রদবদল নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে শামা ওবায়েদ বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে চেঞ্জ হবে, রদবদল হবে, নতুন লোক আসবে। সেটা তো চলমান প্রক্রিয়া। এটা তো কোনো নতুন কিছু না। যখন সরকারের থেকে একটা স্টেটমেন্ট যাবে, সরকার থেকে প্রকাশ হবে, তখনই আপনারা জানতে পারবেন কেন, কোথায়, কীভাবে, কোন কারণে রদবদল হচ্ছে। কিন্তু এটা চলমান প্রক্রিয়া।
এই রদবদলের পেছনে বিএনপি করা বা না করার কোনও বিষয় জড়িত কি না, এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, না না, বিএনপি করা বা কোনো বিষয় না। অবশ্যই বাংলাদেশ সরকার বর্তমানে, আপনি যদি প্রধানমন্ত্রীর কাজকর্মগুলো ফলো করেন, তার সিদ্ধান্তগুলো ফলো করেন— পররাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রত্যেকটি মন্ত্রণালয়ে তিনি ইমপর্টেন্স দেন কাজকে, এফিশিয়েন্সিকে (দক্ষতাকে)। কে কতটুক কাজে পারদর্শী, কে কতটুক আন্তরিকভাবে দেশের জন্য কাজ করতে পারছে, দেশের প্রতি কার আন্তরিকতা আছে, সেটাই যেকোনো মন্ত্রণালয়ে বিবেচ্য বিষয়।
তিনি আরও বলেন, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আন্তরিকতা, কাজের প্রতি ডেডিকেশন (উৎসর্গ) এবং এফিসিয়েন্সি— এগুলোর বিচারেই যেকোনো মন্ত্রণালয়ে আমাদের রদবদল হয়। এটা চলমান প্রক্রিয়া; যখন ফাইনাল হবে, যখন সরকারের পক্ষ থেকে গ্যাজেট প্রকাশ হবে, তখন আপনারা জানতে পারবেন।
আরটিভি/এসএইচএম