শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৬:০৮ পিএম
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে হাসপাতালে গিয়ে অসুস্থ ডা. পাভেলের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন তিনি।
এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুকে ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বগুড়ায় নিজ বাসায় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় এনে গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়।
ফেসবুক পোস্টে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তার আশু আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আরটিভি/এমএ