images

জাতীয়

চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে নৌবাহিনী

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৬:৫৪ পিএম

চট্টগ্রামে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতা এবং বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় নৌবাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছেন।

image

শনিবার (১১ জুলাই) আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
Web-Image

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন।

image

এ পরিস্থিতিতে শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেল তলা এবং নেভি হাসপাতাল গেট এলাকায় নৌবাহিনীর একটি দল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

image

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বন্যাকবলিত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত এই সহায়তা চলবে।
 
আরটিভি/এমএ