বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৫:১৯ পিএম
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং আলোচিত শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন সন্দেহভাজন আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া আশা করছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং ভারত থেকে হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের জন্য আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমরা আশা করছি, উভয় সরকারের কাছ থেকে শিগগিরই একটি ইতিবাচক সাড়া পাওয়া যাবে।’
ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণের সমস্ত নথি জমা দেওয়ার জন্য ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের সময়সীমা দিয়েছিল। তবে তাদের অনুরোধে বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় সব আইনি নথি প্রস্তুত করে সেখানে জমা দিয়েছে।
অন্যদিকে শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে সব ধরনের প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। ওই তিন সন্দেহভাজন বর্তমানে ভারতে অনুপ্রবেশ বা অন্যান্য সংশ্লিষ্ট মামলায় সেখানে বিচারের সম্মুখীন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারতে কোনো আইনি কার্যক্রম বা বিচার চলমান থাকা অবস্থাতেও ওই আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করার সুযোগ রয়েছে। ফলে আইনি জটিলতা কাটিয়ে দ্রুতই তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশা করছে।
আরটিভি/এআর