বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৭:৪৯ পিএম
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে উদযাপনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছে বর্তমান সরকার। আগের মতোই প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীসভা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদযাপন করা হতো। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ ১২ আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একত্রে উদযাপনকালে বর্ষাকাল হওয়ায় দিবসটি উপলক্ষ্যে আয়োজিত যুব র্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে অসুবিধার সম্মুখীন হন।
এতে বলা হয়, জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় মন্ত্রিসভা থেকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট তারিখে একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
আরটিভি/এসএইচএম