images

জাতীয়

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১১:০৪ পিএম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার দলীয় নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে সাংগঠনিক বৈঠক করেছেন। 

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া বৈঠক রাত ৯টা ২০ মিনিটে শেষ হয়।

আরও পড়ুন
32

স্বাধীনতার পর আওয়ামী লীগ তাঁতশিল্প ধ্বংস করেছে: বিদ্যুৎমন্ত্রী

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়া দিনাজপুর জেলা ও উপজেলার বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। রংপুর বিভাগের উপজেলা পর্যায়ের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চেয়ারম্যানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকেই প্রার্থী নির্বাচন করা হবে। এছাড়া সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/ এসকেডি