মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৯:৩৬ পিএম
বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশি প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আগামীকাল বুধবার (২২ জুলাই) বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)।
মঙ্গলবার (২১ জুলাই) ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাও বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের অগ্রগতি, কর্মপরিধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
অফিস আদেশে বলা হয়, দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের চলমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে একটি সভা বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রকল্পের আওতায় প্রবাসীরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছিলেন ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন। এর মধ্যে ভোট দিয়েছিলেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন আর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রবাসীদের ব্যালট এসেছিলো ৪ লাখ ৯৮ হাজার ২০৫। এর মধ্যে বৈধ ভোট ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি।
আরটিভি/ এসকেডি