images

জাতীয় / অর্থনীতি

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ 

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১২:২৮ পিএম

সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে সাত লাখের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মোট ৬০৪ কোটি ৮১ লাখ টাকার কৃষিঋণ মওকুফ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনূর্ধ্ব ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষক এ সুবিধা পেয়েছেন। মওকুফ হওয়া ঋণের মোট পরিমাণ ৬০৪ কোটি ৮১ লাখ ৮ হাজার ৬৬৭ টাকা। সরকারের মওকুফ করা মোট কৃষিঋণের প্রায় ৩৯ শতাংশই বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে।

ব্যাংক জানায়, দীর্ঘদিন ধরে অনাদায়ী থাকা ছোট অঙ্কের কৃষিঋণের কারণে অনেক কৃষক আর্থিক চাপে ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজারের অস্থিরতা এবং বিভিন্ন আর্থিক সংকটের কারণে তারা সময়মতো ঋণ পরিশোধ করতে পারেননি। ফলে নতুন করে ঋণ নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছিলেন।

আরও পড়ুন
Web-Image

আরও ১০ ইউরোপীয় উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নতুন বড় চুক্তি শিগগিরই

এ পরিস্থিতি বিবেচনায় সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে তথ্য যাচাই, হিসাব সমন্বয়সহ প্রয়োজনীয় কার্যক্রম শেষে যোগ্য কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক জানায়, দেশের মোট কৃষিঋণের প্রায় ৬৩ শতাংশ এককভাবে বিতরণ করে ব্যাংকটি। ঋণ মওকুফের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আবারও নিয়মিত ব্যাংকিং সেবার আওতায় এসে নতুন করে কৃষিঋণ নেওয়ার সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ব্যাংকটি আরও জানায়, কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান, সময়মতো আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং কৃষিবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে তারা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সরকারের নীতিমালা অনুযায়ী কৃষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে অবদান রাখবে বাংলাদেশ কৃষি ব্যাংক।


আরটিভি/জেএমএ