images

জাতীয়

অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৪:২৯ পিএম

অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্ল্যান্ট, শিল্পকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৫ জুলাই) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহে যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) মাধ্যমে আমদানি করা এলএনজি গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এই গ্যাসের ওপর ভিত্তি করেই বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানা সচল থাকে এবং বাসাবাড়িতে রান্নার কাজ চলে।

আরও পড়ুন
Web-Image

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে একটি এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সাময়িক এই সংকট তৈরি হয়েছে। এটি মেরামতের জন্য একটি বেসরকারি কোম্পানি ও পেট্রোবাংলা একযোগে কাজ করছে এবং সরকারের জ্বালানি বিভাগ সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছে।

প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষকে ঘায়েল করতে একশ্রেণির মানুষ ভুল তথ্য ছড়াচ্ছে, যার মূল কারণ নৈতিক মূল্যবোধের অভাব। এই ধরনের অপপ্রচার রোধ করতে সমাজে নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে। অতীতের মতো সমাজে নৈতিক শিক্ষার শক্তিশালী ভিত আবার ফিরিয়ে আনার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক অগ্রগতির পাশাপাশি নৈতিক মূল্যবোধের ঘাটতি পূরণ করতে হবে এবং শিক্ষকদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরটিভি/টিআর