images

জাতীয়

সরাসরি জাহাজ চলাচল চালুর আলোচনায় বাংলাদেশ-মালদ্বীপ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১০:৪৩ পিএম

মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম অ্যাডামের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

রোববার (২৬ জুলাই) মালেতে এই বৈঠক হওয়ার তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য উচ্চ-পর্যায়ের সফর বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে সরাসরি শিপিং সংযোগ প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন
shama-obaid

বাংলা‌দে‌শে বিনিয়োগ করতে প্রস্তুত অনেক দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অভিবাসন ও প্রবাসীকল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, সুনীল অর্থনীতি এবং সামগ্রিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-মালদ্বীপের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন তারা।

সরকারের ‘বাংলাদেশ প্রথম’ নীতির কথা বৈঠকে পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিল এবং দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের সম্পর্ক আরো গভীর করার গুরুত্বের কথা বলেন তিনি।

মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ ফাহমি হাসান, মালেতে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল ইসলামও বৈঠকে অংশ নেন।

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকীর আয়োজনে যোগ দিতে বর্তমানে মালে সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আরটিভি/এমএ