images

জাতীয়

সাবেক রাষ্ট্রপতির বিচার নিয়ে যা জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০২:১৬ পিএম

রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার (মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু) কোনো কর্মকাণ্ডের জন্য আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, সম্প্রতি ৩২ জন যুগ্ম সচিবকে বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি বলেন, সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

আরও পড়ুন
23

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

তিনি আরও বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধ ছিল। তাই ওই নির্বাচনের বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন।

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ মামলার বিচারকাজে সরকারের বাধা দেওয়ার কোনো কারণ নেই।

ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকসের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।

এছাড়া দেশের অন্যতম পর্যটন নগর কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


আরটিভি/জেএমএ