বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৫:২৬ এএম
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন। বর্তমানে দেশের কূটনৈতিক অঙ্গনে আগ্রহের কেন্দ্রে রয়েছে তার এই সফর। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পৃক্ততার প্রেক্ষাপটে এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
বিশেষ দূত ঢাকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।
নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের প্রেক্ষাপটে গোরের ঢাকা সফর অনুষ্ঠিত হচ্ছে।
পেশায় ব্যবসায়ী গোর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান পার্টির উদীয়মান নেতাদের একজন। ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব্ পালনের পাশাপাশি তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ায় দেশটির বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন। এর আগে গতবছর তিনি হোয়াইট হাউজে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ছন্দপতন ঘটে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা ও নেতিবাচক দিকগুলোও গোর ঢাকায় বিভিন্ন পর্যায়ে একান্ত আলোচনার মাধ্যমে বুঝতে চাইতে পারেন।
আরটিভি/টিআর