images

জাতীয় / প্রবাস

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপো পরিদর্শনে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০১:২২ পিএম

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের বেলান্তিক ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। 

সোমবার (৩ আগস্ট) লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল ডিপোটি পরিদর্শন করে সেখানে আটক থাকা ৯৬ জন বাংলাদেশি প্রবাসী কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্পে থাকা বাংলাদেশি কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে। একই দিনে নাগরিকত্ব যাচাই শেষে ২৬টি ভ্রমণ অনুমতিপত্র ইস্যু করে ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। হাইকমিশন জানিয়েছে, অবশিষ্ট ভ্রমণ অনুমতিপত্রও দ্রুত ক্যাম্প কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরানোর লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করছে প্রতিনিধি দল। পাশাপাশি দেশটির ইমিগ্রেশন বিভাগের সঙ্গে নিয়মিত বৈঠক করে দ্রুত প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা করা হচ্ছে।

আরও পড়ুন
Web-Image

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‍্যাবের কড়া নিরাপত্তা

উল্লেখ্য, মালয়েশিয়ায় বর্তমানে অনথিভুক্ত অভিবাসীদের জন্য সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো ধরনের শাস্তি ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ চালু থাকলেও দেশজুড়ে আটক অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে আটক হয়ে অনেক বাংলাদেশি বিভিন্ন রাজ্যের কারাগারে সাজা ভোগ শেষে ইমিগ্রেশন ডিপোতে অবস্থান করছেন।

এদিকে অতীতে মালয়েশিয়া থেকে দেশে ফেরা অনেক বাংলাদেশির অভিযোগ ছিল, অন্যান্য দেশের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত কারাগার ও ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করলেও বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা দেখা যেত না। তবে বর্তমান লেবার মিনিস্টার দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক এবং ডিপো পরিদর্শনের কারণে সেই অভিযোগ অনেকটাই কমেছে বলে মনে করছেন মালয়েশিয়ায় বসবাসরত সচেতন প্রবাসী বাংলাদেশিরা।


আরটিভি/জেএমএ