মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৮:১৩ পিএম
গুণগত মান নির্ধারিত মানদণ্ডে না পৌঁছানোয় ভারত থেকে আমদানি করা প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্যিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে চালগুলো বাংলাদেশে সরবরাহ করা হয়েছিল।
খবরে বলা হয়, চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় খাদ্যোপযোগী হিসেবে ছাড়পত্র পেলেও পরবর্তী বিস্তারিত পরীক্ষায় এর মান নির্ধারিত মানের নিচে পাওয়া যায়। এরপর প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন খালাস হলেও বাকি চাল নিয়ে আপত্তি ওঠে। পরে পুরো চালান ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এ ঘটনায় বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়া বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও ভূমিকা রাখতে পারে। তবে এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলেও সংশ্লিষ্টদের আশঙ্কা।
সূত্র: দ্য হিন্দু
আরটিভি/এসএস