বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১১:৩৩ এএম
কারিগরি ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীদের জন্য বিশেষ অনুদানের ৮ কোটি ৩০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি শর্তে এ নির্দেশনা জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ৭ কর্মদিবসের মধ্যে টাকা বিতরণ করে এবং বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠাতে হবে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন ১৬০০১০১-১২০০০১৫১৪—শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রদের জন্য বিশেষ অনুদানের ৩৬৩১১০৭—বিশেষ অনুদান খাতে ৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
বরাদ্দ অর্থ থেকে আর্থিক অনুদান বাবদ অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে উল্লেখিত হারে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস বাংলাদেশ ডাক বিভাগ-নগদকে এ বিভাগের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংযুক্ত তালিকা অনুযায়ী উল্লেখিত শর্তে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মনোনীত প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে ৪২৮টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ৭ লাখ টাকা। মনোনীত শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে প্রত্যেক শিক্ষক-কর্মচারীকে ১৫ হাজার টাকা করে ৮৫৩ জন শিক্ষক-কর্মচারীকে মোট ১ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা।
মনোনীত ইবতেদায়ি (১ম থেকে ৫ম) পর্যন্ত ২ হাজার ৪৮৪ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা।
মনোনীত দাখিল ও ভোকেশনাল (৬ষ্ঠ হতে ১০ম) পর্যন্ত ৩ হাজার ১৬৭ শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে মোট ২ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা।
মনোনীত এইচএসসি (বিএম) আলিম ও ডিপ্লোমা পর্যন্ত ১ হাজার ১২৮ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা।
মনোনীত কামিল, ফাজিলসহ তদূর্ধ্ব শ্রেণি পর্যন্ত ৫৩৭ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫৩ লাখ ৭০ হাজার টাকা।
চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বাংলাদেশ ডাক বিভাগ-নগদ’–এর পক্ষে ডাক বিভাগ-নগদের প্রশাসক মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের পাশে উল্লিখিত হারে এই আদেশ জারির ৭ কর্মদিবসের মধ্যে অর্থ বিতরণ করবেন এবং বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দাখিল করবেন।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের অনুকূলে দেওয়া অনুদানের টাকা একটি ব্যাংক হিসাব, মোবাইল নম্বরে শুধু একবার পাঠানো যাবে। অর্থাৎ কোনো ব্যাংক হিসাবে, মোবাইল নম্বরে একাধিক অনুদানের অর্থ পাঠানো যাবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ অর্থ মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে পাঠাবেন। অব্যয়িত অর্থ ১০ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং প্রমাণক এ বিভাগে পাঠাতে হবে।
আরটিভি/এসআর