মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৬:১৯ পিএম
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ গতি এখন আর কোনো ভবিষ্যতের শঙ্কা নয়, বরং চোখের সামনে ঘটে যাওয়া এক বাস্তব ট্র্যাজেডি। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পরিষেবা (সি৩এস) সতর্ক করে জানিয়েছে, ২০২৫ সাল যৌথভাবে ২০২৩ সালের মতো ইতিহাসের দ্বিতীয় উষ্ণতম বছর হিসেবে স্থান করে নিতে চলেছে। যা রেকর্ড ভঙ্গকারী ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ২০২৪ সালের ঠিক পরেই থাকবে। এই তথ্য প্রকাশিত হওয়ায় বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, যদি এই পূর্বাভাস নিশ্চিত হয়, তবে জলবায়ু ইতিহাসের এক চরম মাইলফলক স্পর্শ করবে বিশ্ব। শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের পর এই প্রথমবার বৈশ্বিক গড় তাপমাত্রা টানা তিন বছর (২০২৩, ২০২৪, এবং ২০২৫) ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করবে।
সি৩এস–এর জলবায়ু কৌশলগত প্রধান সামান্থা বার্গেস এই ধারাবাহিক রেকর্ডকে জলবায়ু পরিবর্তনের গতি বৃদ্ধির প্রতিফলন বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে তাপমাত্রা বৃদ্ধি প্রশমিত করার একমাত্র উপায় হলো দ্রুত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করা। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে বিশ্বনেতারা এই উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার অঙ্গীকার করেছিলেন। কিন্তু একের পর এক উষ্ণতম বছরের রেকর্ড সেই অঙ্গীকারের ব্যর্থতাকেই প্রকট করে তুলছে।

বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণই এই অস্বাভাবিক উষ্ণায়নের প্রধান কারণ। মানবজাতি এখন এক ত্বরান্বিত জলবায়ু সংকটের মুখোমুখি, যেখানে কার্বন নিঃসরণ কমানোর কোনো বিকল্প নেই।
এদিকে চলতি বছর নভেম্বর মাস ছিল ইতিহাসের তৃতীয় উষ্ণতম নভেম্বর, যার গড় বৈশ্বিক তাপমাত্রা ছিল ১৪.০২°সে. যা শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের চেয়ে ১.৫৪° সে. বেশি। যদিও চলতি বছর ব্রাজিলে অনুষ্ঠিত কপ৩০ জলবায়ু সম্মেলনে সরকারগুলো কার্বন নিঃসরণ কমানোর জন্য কোনো উল্লেখযোগ্য নতুন পদক্ষেপে সম্মত হতে ব্যর্থ হয়।
আরটিভি/এআর