রোববার, ০৩ এপ্রিল ২০২২ , ১২:৫৮ পিএম
মহামান্বিত পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ (সা.) এর ওপর। এ মাসের যে ফজিলত, তা প্রত্যেক মুসলমানকেই মহান আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আর এই রমজানকে ঘিরে আমাদের মধ্যে আছে অনেক প্রশ্ন।
সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হয়ে গেলে করণীয় কী?
সেহরির শেষ সময় হচ্ছে সুবহে সাদিক। ফজরের ওয়াক্তও শুরু হয় সুবেহ সাদিক থেকে। যখনই সেহরির সময় শেষ, তখনই ফজরের সময় শুরু। সেহরি খাওয়া অবস্থায় ফজরের আজান হয়ে গেলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করতে হবে। যথারীতি রোজা পালন করবেন।
কিন্তু আজান শোনার পরও যদি পানাহার বন্ধ না করেন, তাহলে কাজা ও কাফফারা আদায় করতে হবে। কারণ, প্রথমে ভুলবশত খাওয়া হলেও পরে ইচ্ছাকৃত খাওয়ার দ্বারা রোজা ভঙ্গ করা হয়েছে।
আজান কখনও সেহরির সময়ের মধ্যে দেওয়া হয় না। আজান ফজরের ওয়াক্ত হওয়ারও একটু পরে দেওয়া হয়। কারণ, সেহরির সময় বাকি থাকলে ফজরের ওয়াক্ত হয় না। আর ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে আজান আদায় হবে না।
মনে রাখতে হবে, আজান হলো ফজরের নামাজের জন্য, সেহরি খাওয়া বন্ধ করার জন্য নয়। তাই সেহরি এর আগেই বন্ধ করতে হবে।