শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৪:৩০ পিএম
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) বহুল প্রতীক্ষিত বার্ষিক ‘ফ্যামিলি ডে’ আগামী ৬ জুলাই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটিকে ঘিরে এরইমধ্যে ডিএসইসি সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে থাকছে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও করপোরেট ব্র্যান্ডগুলো। তাদের মধ্যে রয়েছে মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি ও ডায়মন্ড সিটি।
এই আয়োজনে থাকছে চমকপ্রদ র্যাফেল ড্র, যার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে গ্লোবালইডির সৌজন্যে একটি মোটরসাইকেল। এ ছাড়া থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট, গ্রিস্টারের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট এবং প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে ঢাকা শহর ঘুরে দেখার যুগল হেলিকপ্টার রাইড টিকিট। র্যাফেল ড্রতে থাকবে আরও অনেক অনেক চমকপ্রদ পুরস্কার, যা পরবর্তী ঘোষণায় জানানো হবে।
আয়োজকরা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি কেবল বিনোদনের আয়োজন নয়; এটি সাব-এডিটরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধন ও পরিবারভিত্তিক সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক সব সদস্যকে আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত তারিখের পরে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ থাকবে না। রেজিস্ট্রেশন শেষে কুপন সংগ্রহ করতে হবে ডিএসইসির নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে।
ডিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানটি হবে পরিবার-সমেত একটি প্রাণবন্ত দিনযাপনের উপলক্ষ, যেখানে মিলবে বিনোদন, পুরস্কার এবং সৌহার্দ্যের এক অপূর্ব সম্মিলন।
আরটিভি/আরএ/এআর