images

রাজনীতি

‘বৃহত্তর জোট' গঠনে দ্রুত এগুচ্ছে বিএনপি!

শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ , ১১:৫১ পিএম

‘বৃহত্তর জোট' গঠনে দ্রুত এগুচ্ছে বিএনপি। এ জোট হবে একদফার ভিত্তিতে। থাকবে ছোট বড় অনেক দল। এমনটা জোটবদ্ধ দলগুলো বললেও বিএনপি তেমন কিছুই বলছে না। এসব কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা।

তবে আনুষ্ঠানিক প্রকাশ হতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।

তাইতো শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জোটের শরীক দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন৷ তার নয়া পল্টনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়েছে৷ তবে এটি কোন আনুষ্ঠানিক বৈঠক ছিল না বলে দাবি করেছেন তিনি। সূত্র- ডয়চে ভেলে

গয়েশ্বর বলেন, ‘এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না৷ যারা এসেছিলেন তারা আমার কাছে প্রায়ই আড্ডা দিতে আসেন৷ শুক্রবারও তেমন হয়েছে৷' 

নতুন জোট গঠনের কথা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘যেহেতু জোট গঠন করা হবে, তার একটি ‘ইনসেনটিভ' তো এই আলোচনায় থাকতে পারে৷ তারা তো ২০ দলীয় জোটের লোক৷' তবে তিনি নিশ্চিত করেন, ‘বৃহত্তর জোট কবে হবে তা নিয়ে কথা বলবেন দলের মহাসচিব৷'

গয়েশ্বরের বৈঠকে উপস্থিত ২০ দলীয় জোটের কয়েকজন নেতা জানিয়েছেন, তারা (বিএনপি) এভাবেই আমাদের সঙ্গে বৈঠক করবেন৷ এজন্য বিএনপির কয়েকজন নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে৷

সূত্র জানায়, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হওয়া বৈঠক ছিলো আড্ডা মেজাজের৷ যে যখন এসেছেন তার সঙ্গে কখনো এককভাবে কখনো অনেকের সঙ্গে কথা বলেছেন গায়েশ্বর চন্দ্র রায়৷ তবে জোটের ভিত্তি হিসেবে এক দফার কথা বলা হয়েছে৷ সেটা হলো, সরকারকে বিদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা৷

ওই বৈঠকে উপস্থিত এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জানান, ‘আলোচনা ছিল শতভাগ রাজনৈতিক৷ বৃহত্তর রাজনৈতিক জোট গঠন নিয়ে কথা হয়েছে৷ ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়াও অন্যান্য দলকেও জোটে নেয়া হবে৷ আর এই জোটের ভিত্তি হবে এক দফা৷'

তিনি আরও বলেন, এই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশে খুব বেশি সময় লাগবে না৷ সহসাই হয়ে যাবে৷ কারণ দাবি আদায়ে বৃহত্তর জোটের কোনো বিকল্প নেই৷ বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে থাকা জোটের আরেকজন নেতা জানান, জামায়াত ২০ দলীয় জোটে আছে৷ কিন্তু একটা জোট করলে জামায়াতের ব্যাপারে কেউ আপত্তি করতে পারে৷ সেই কারণে জামায়াত ২০ দলীয় জোটে থাকলেও জাতীয় ঐক্যফ্রন্টে ছিল না৷ আবার বামপন্থি দলগুলো আলাদা মঞ্চে থেকে কর্মসূচিতে সমর্থন দিতে পারে৷ এই সব বিষয়ই বিবেচনায় নিয়ে কৌশল নির্ধারণ করা হচ্ছে৷

বৈঠকে উপস্থিত লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘বৃহত্তর জোট একটি ব্যানারে হতে পারে৷ আবার আলাদা আলাদা ব্যানার একটি ছাতার নীচে হতে পারে৷ কারণ এখানে বিভিন্ন মত ও পথের দল আছে৷ ঐক্যের সূত্র হবে এক দফা৷'

বৈঠকে ২০ দলীয় জোটের ১০-১২ টি দলের নেতারা উপস্থিত ছিলেন৷ ইসলামপন্থীরাও ছিলেন৷ তবে জামায়াতের কোনো নেতা ছিলেন না বলে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত নেতারা৷ জামায়াতের সাথে আলাদা আলোচনা হতে পারে বলে জানা গেছে৷

গত ২৮ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বৃহত্তর জোট গঠনের সিদ্ধান্ত হয়৷ ওই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান৷

বিএনপি মহাসচিব তখন জানান, বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়া, রূপরেখা, দাবি সবই সাংবাদিকদের সময় হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে৷

এএইচ