শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ , ০৮:৪৬ পিএম
ঢাকায় সফররত কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় ৬টা ৪৫ মিনিটে।
বৈঠকে কমনওয়েলথের ১০ সদস্য দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিতি ব্রুস গোল্ডিং।
এ ছাড়া বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্ব চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ অংশ নেন।
এর আগে, এদিন সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। বৈঠকে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে ফের প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ।
এরপর বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথ দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে ৫ জানুয়ারি সকালে। ভোটগ্রহণ সাত জানুয়ারি।