সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ১১:৩৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৯১ সালে জাতীয় মনোভাবের সঙ্গে একমত হয়ে বিএনপি উপজেলা পর্যায়ে থাকা আদালত তুলে দেয়। তবে আগের অবস্থান পরিবর্তন করে নতুন করে উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণের প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি।
সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতির নতুন চাহিদা সৃষ্টি হয়েছে। সেই বিবেচনায় বিএনপি নতুন করে এ প্রস্তাবে একমত হয়েছে। ৩৫ বছর আগের সেই সিদ্ধান্তে কোনো আপত্তি জাতীয়ভাবে আসেনি। বিভিন্ন চৌকি আদালত ও দ্বীপাঞ্চল মিলিয়ে বর্তমানে যে ৬৭টি আদালত আছে, সেটাও তখনকার সিদ্ধান্তে। কিন্তু সময় পরিবর্তিত হয়েছে। আমরা একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি।
জরুরি অবস্থা জারির বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নীতিগতভাবে বিএনপি একমত হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে জরুরি অবস্থা চলাকালে মানবাধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাব উত্থাপন করা হয়। তবে জরুরি অবস্থা চলাকালে মানবাধিকার রক্ষার বিষয়টি বিস্তর বিধায় বিএনপি মনে করে, বিস্তারিত আলোচনা পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে হওয়া উচিত।
সার্বিকভাবে ঐকমত্য কমিশনের আলোচনায় দুটি প্রস্তাবের সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে। আদালত সম্প্রসারণ প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কয়েকটি সংযুক্তি রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি হাইকোর্টের সঙ্গেও আলোচনার জন্য আমরা অনুরোধ জানিয়েছি, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।
আরটিভি/এএইচ