মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৫:৫২ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির ভোলা জেলার মুখ্য সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের নেতা সাইফুল্যাহ সানী। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজ ফেসবুকে একটি লিখিত বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। দলীয় কার্যক্রমে তার ব্যক্তিগত আদর্শ ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কিছু কর্মকাণ্ড প্রকাশ্যে আসার কারণেই তিনি এই পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।
বিবৃতিতে সাইফুল্যাহ সানী অভিযোগ করেন, প্রায় ছয় মাস ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও, দল মুশরিক বাউল শিল্পীকে সমর্থন এবং আল্লাহ তাআলা ও তার রাসূল (সা.)-এর শানে বেয়াদবিমূলক বক্তব্যকে প্রশ্রয় দিয়েছে।
সাইফুল্যাহ সানী বলেন, আমার কাছে আমার ইসলাম, আমার বিশ্বাস এবং আমার ধর্মীয় মূল্যবোধ সকল রাজনৈতিক আদর্শ ও পার্থিব অবস্থানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের রাজনীতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি যেমন কোনো রাজনৈতিক দল মেনে নেয় না, তেমনি একজন মুসলিমের কাছে মহান আল্লাহ ও তার রাসূলের (সা.) মর্যাদা সর্বোচ্চ এবং সেই মর্যাদায় আঘাত তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না।
ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এই অবস্থান নিরসন সম্ভব নয় জানিয়ে সাইফুল্যাহ সানী জাতীয় যুবশক্তির সকল কার্যক্রম থেকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দেন। নিজেকে তিনি সাইফুল্যাহ সানী, সাবেক মুখ্য সংগঠক, জাতীয় যুবশক্তি ভোলা জেলা হিসেবে পরিচয় দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি ও রাজনৈতিক আদর্শবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচারসচিব ফাইয়াজ ইফতিকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপিকে বয়কটের আহ্বান জানিয়েছিলেন।
আরটিভি/এআর