শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ১০:৩১ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে দেশ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শেখরনগর হাইস্কুল মাঠে সনাতনী সমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যে মানুষটি গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে ৪০ বছর সংগ্রাম করেছেন, যে মানুষটি জীবনে অন্যায়ের কোনদিন আপোষ করেননি, সে মানুষটি হাসিমুখে কারাগারকে বরণ করেছেন, সে আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে।
তিনি বলেন, খালেদা জিয়া হাসিমুখে কারাগারে গেলেও অসুস্থ অবস্থায় কারাগার থেকে বের হয়েছেন। যথাসময়ে উন্নত চিকিৎসা হলে আজ খালেদা জিয়ার এ অবস্থা হতো না।
বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া জাতির বটবৃক্ষ। যার ছায়ায় আমরা স্বস্তি পাই। আজকে তার যদি কিছু হয়ে যায় দেশ সংকটে পড়বে। ভোটের আনন্দ মুছে যাবে।
তিনি বলেন, ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই। আর যা আছে তা সাম্প্রদায়িক শক্তি। দেশের মানুষ ফ্যাসিবাদীর অত্যাচার দেখেছে। সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদীর চেয়েও ভয়াবহ। আজকে সেই শক্তি দেশটাকে বারোটা বাজাতে তৎপর।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন শুধু এমপি বানানো নয়, দেশ ও জনগণের স্বার্থে অনেক মৌলিক পরিবর্তন আনতে হবে। গরিব-দরিদ্র বৈষম্য, ধর্মীয় বৈষম্য দূর করে একটি সাম্য ও ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে।
আরটিভি/আরএ