images

রাজনীতি

বেগম জিয়ার জন্য দোয়া করা ‘ঈমানি দায়িত্ব’: জামায়াত সেক্রেটারি

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৪ এএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করা ‘নৈতিক ও ঈমানি দায়িত্ব’। 

রোববার (৩০ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, জামায়াত আমিরের পক্ষ থেকে তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে এসেছেন।

খালেদা জিয়ার সঙ্গে দেশের জনগণের রাজনীতির সম্পর্ক, আন্দোলনের সম্পর্ক থাকার কথা তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্রের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে।

11

খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তার জন্য শুভকামনা ও দোয়া জানাতে এসেছেন তুলে ধরে তিনি বলেন, দেশবাসীকে বলব, বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে, তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

আরও পড়ুন
mahfuz

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা

সেখানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

আরটিভি/একে