বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৪ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অতিথিদের স্বাগত জানান দলের যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া। বৈঠকে আরও অংশ নেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
অপরদিকে, রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার রাজনীতি ও কূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম।
বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নতুন বাংলাদেশ নিয়ে এনসিপির আন্তর্জাতিক, অর্থনৈতিক ও অন্যান্য পরিকল্পনা সম্পর্কে জানতে চান। আলাপ হয় সমসাময়িক রাজনীতি ও আসন্ন নির্বাচনের পরিস্থিতি নিয়ে।
এ সময় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামীর সম্ভাবনা নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়। বাংলাদেশের গণতান্ত্রিক পট পরিবর্তনে এনসিপির জোরালো ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রদূত ও শুভকামনা ব্যক্ত করেন।
আরটিভি/আইএম