শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০৯:১২ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুলি তার মাথার ডান পাশে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু গুলির দুই-একটি ছোট অংশ মস্তিষ্কের ভেতর এখনও রয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিশেষজ্ঞরা তার অস্ত্রোপচার করেছেন। অস্ত্রোপচারের সময় গুলির একটি ছোট ধাতব অংশ বের করা হয়েছে। কিন্তু আরও কিছু ছোট ছোট অংশ মস্তিষ্কের মধ্যে থেকে গেছে।
এর ফলে তার মস্তিষ্কে প্রেসার বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয়েছে। যেটা বন্ধ করার এবং প্রেসার কমানোর জন্য অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয়নগর বক্স কার্লভার্ট রোডে ইনকিলাব মঞ্চের সদস্য মো. সাফিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীরা আগের দিনও তাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিল এবং সব সময় মাস্ক পরিধান করতো। পিআর টিম তাদের ছবি তুলতে চাইলে তারা মাস্ক খুলতে অস্বীকৃতি জানায়।
সাফিউর রহমান বলেন, হাদি এবং তার সঙ্গীরা ১১টার দিকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ের সামনে ক্যাম্পেইন করার পর তিনটি রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। মসজিদে নামাজ পড়ার সময় ওই দুই দুর্বৃত্ত বাইরে অপেক্ষা করছিল। নামাজ শেষে তারা মোটরসাইকেলে এসে রিকশার পাশে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
ওসমান হাদি বাম কানের পাশে গুলির আঘাত পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
এই ঘটনা প্রমাণ করে যে, হামলাকারীরা দীর্ঘদিন ধরে হাদির ওপর নজর রাখছিল এবং নির্বাচনি কর্মকাণ্ডে সংঘবদ্ধভাবে অংশ নিচ্ছিল। যা নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশকে অনিশ্চিত করেছে। তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি উঠেছে।
আরটিভি/এসকে