সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ১০:৩২ এএম
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর দুই প্রধান সন্দেহভাজী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও আলমগীর হোসেন ফিল্মি স্টাইলে পুলিশকে ধোঁকা দিয়ে ঢাকা থেকে পালিয়েছে।
তদন্ত সংক্রান্ত সূত্র জানায়, হামলার পর সন্দেহভাজীদের ডিজিটাল ডিভাইসগুলো সচল থাকলেও তারা নিজ হাতে বহন করেনি। ডিভাইসগুলো অন্য কোনো মাধ্যমে চালু রেখে বারবার অবস্থান বদলায়। ফলে পুলিশ যখন ঢাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল, তখনই তারা ঢাকার বাইরে সড়কপথে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাটের সীমান্তে পৌঁছায়। সেখান থেকে মোটরসাইকেলে করে ভারতীয় মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযানকালে পুলিশ পল্টন থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে। হামলার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী এই দুই আততায়ীকে ধরতে তৎপর রয়েছে এবং অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এখনও পুলিশ থেকে আনুষ্ঠানিক স্বীকারোক্তি মেলেনি।
অন্যদিকে, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির চিকিৎসা চলছিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সোমবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও পরিবারের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আরটিভি/এসকে