মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির পেছনে বিদেশি কোনো চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে প্রাণীপ্রেমী ‘রুহুল’-এর সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, হাদির মতো এমন সুস্পষ্ট একজন নেতার এ রকম অবস্থা হবে কেন? এখানে নিশ্চয়ই বাইরের কোনো চক্র জড়িত। অবাধ সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করতে ভারতে বসে শেখ হাসিনা চক্রান্ত চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করারও আহ্বান জানান রিজভী।
এ সময় বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, রাওয়ার প্রতিনিধি আদনান আজাদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ অনেকে উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তারপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।
আরটিভি/এমএ