images

রাজনীতি

তারেক রহমান ঢাকায় কবে, কখন নামবেন?

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ০৮:৪৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকায় নামবেন বলে নিশ্চিত করেছেন দলের নেতা সালাহউদ্দিন আহমদ।  বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

তারেক রহমান দেশে ফিরে সরাসরি সড়কপথে যাত্রা করবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে প্রায় তিন সপ্তাহ ধরে ভর্তি রয়েছেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অভ্যর্থনা কমিটির সদস্যরা বিমানবন্দর থেকে তার পথ এবং যেসব সড়ক দিয়ে তিনি হাসপাতাল ও বাড়িতে যাবেন, সেগুলো সরজমিন পরিদর্শন ও সমন্বয় করছেন।

সালাহউদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আমাদের নেতা ২৫ ডিসেম্বর ঢাকা ফিরবেন। তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে আসবেন, যা বেলা ১১টা ৫৫ মিনিটে অবতরণ করবে। 

তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে। অভ্যর্থনা কমিটি দেশের সর্বত্র প্রস্তুতি নিচ্ছে যাতে ২৫ ডিসেম্বর ঢাকায় হাজার হাজার নেতা-কর্মী তাকে অভ্যর্থনা দিতে পারে। দেশজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরছেন এবং গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই উঠবেন। নিরাপত্তা বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক চলছে। 

অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী জানান, কাজের অগ্রগতি ভালো চলছে এবং ঐতিহাসিক জনসমাগম নিশ্চিত করতে তাদের কমিটি দিনরাত পরিশ্রম করছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ঢাকায় হোটেল থেকে জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার

এই আসা দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ও বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। যেখানে দেশের জনগণ তারেক রহমানকে এক নজর দেখার জন্য মুখিয়ে রয়েছে।

আরটিভি/এসকে