শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ০৮:২৮ পিএম
সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর পরপরই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের বলিষ্ঠ যোদ্ধা শরিফ ওসমান হাদির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির কফিন পৌঁছালে দলের পক্ষ থেকে সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন বিমানবন্দরে উপস্থিত হয়ে হাদির কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা ওসমান হাদিকে জুলাই গণ-অভ্যুত্থানের এক অকুতোভয় সেনানী হিসেবে বর্ণনা করেন। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির আপসহীন লড়াই বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। ওসমান হাদির ওপর এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দ্রুত শনাক্ত করার দাবিও জানান বিএনপি নেতারা।
বিমানবন্দরে এই আনুষ্ঠানিকতা শেষে হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কাল শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে জাতীয় কবির সমাধির পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে।
আরটিভি/এআর