images

রাজনীতি

প্রার্থী পরিবর্তন করে যাকে মনোনয়ন দিলো বিএনপি

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। 

আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সীতাকুণ্ডের নিজ বাড়িতে স্থানীয় নেতা–কর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি তুলে ধরেন আসলাম চৌধুরী।

তিনি বলেন, ইচ্ছে করেই আমি একটু সময় নিয়েছি। সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশা করি, আজ থেকে আর কোনও সংশয়, দ্বিধা রইলো না।

নেতাকর্মীদের উদ্দেশে আসলাম চৌধুরী বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

এর আগে, গত ৩ নভেম্বর আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন সালাউদ্দিন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সালাউদ্দিনের নাম ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন তারা। একই দিন ঢাকা–চট্টগ্রাম রেলপথও অবরোধ করা হয়।

আরটিভি/আরএ